জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
Oct 07, 2026

প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)

জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ অক্টোবর ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ ‘UNHCR X DI Mobile Filmmaking Workshop 2026’ কর্মশালায় চ্যাম্পিয়ন হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম শর্ট ফিল্মের নির্মাতা ও কলা-কুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ইউএনএইচসিআর (UNHCR) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

 

উপাচার্য আজ এক অভিনন্দন বার্তায় বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সৃজনশীল চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অর্জন আনন্দ ও গৌরবের। এ অর্জন শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও শিল্পপ্রতিভার পরিচায়ক। উপাচার্য আশা প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতেও শিল্প-সাহিত্য, সংস্কৃতি এবং চলচ্চিত্রের মাধ্যমে মানবিক ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। 

 

উল্লেখ্য, গত ৫ জুন শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এ ওয়ার্কশপে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই শেষে পাঁচটি দল শর্টফিল্ম নির্মাণের সুযোগ লাভ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওয়ার্কশপে অংশ নেন চারুকলা বিভাগের শিক্ষার্থী সাদিকুল হক রুপম, সাদিয়া ইসলাম নওরীন, রবিন হোসেইন হৃদয় এবং ইহাদ আহাম্মেদ প্রত্যয়। 

 

ড. মোহাম্মদ মহিউদ্দিন 

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases